ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক টাঙ্গাইলে দায়ের হওয়া দুটি হত্যা মামলাসহ মোট সাতটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন।
সোমবার (৮ জুন) হাইকোর্টের একটি ফৌজদারি ডিভিশন বেঞ্চে তার পক্ষে জামিন আবেদন দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
এর আগে, ২০২৪ সালের ২৪ নভেম্বর টাঙ্গাইলে দায়ের হওয়া দুটি হত্যা মামলাসহ তিনটি মামলায় ১৫ দিনের রিমান্ড শেষে ড. আব্দুর রাজ্জাক-কে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১১ নভেম্বর তাকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। ওই সময় টাঙ্গাইল শহরে ৫ আগস্ট গুলিতে নিহত স্কুলছাত্র মারুফ হত্যা মামলা, মির্জাপুরে ৩ আগস্ট গুলিতে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলা এবং ৪ আগস্ট মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
তদন্তের স্বার্থে তিন মামলায় সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। তবে আদালত প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের প্রথম ধাপে স্কুলছাত্র মারুফ হত্যা মামলায় তাকে টাঙ্গাইল সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ১৫ নভেম্বর কলেজছাত্র ইমন হত্যা মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মির্জাপুর থানায় নেওয়া হয়।