Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণসহ একনেকে নতুন ৩ প্রকল্প অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ১৬:৪৬ | আপডেট: ৯ জুন ২০২৬ ১৬:৪৮

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

ঢাকা: বরিশালে সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনসহ ৩টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) । এতে মোট ব্যয় হবে ১ হাজার ৮১০ কোটি ৪৬ লাখ টাকা। এছাড়া বৈঠকে ইতোপূর্বে অনুমোদিত ৫টি প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি সংশোধিত প্রকল্পে মোট ৪৫৫ কোটি ৯৫ লাখ টাকা ব্যয় বাড়ছে। আর অবশিষ্ট প্রকল্প দুটির ব্যয় বাড়ানো ছাড়াই সময়সীমা বা মেয়াদকাল বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সভায় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুমোদিত ৩ নতুন প্রকল্প

২৮২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ‘বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্প’। প্রকল্পটির মেয়াদকাল হচ্ছে সাড়ে ৩ বছর (জানুয়ারি ২০২৬- জুন ২০২৯ পর্যন্ত);

১ হাজার ১৮৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ‘আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়ক (কালাবিবির দিঘী থেকে ঈদমনি) যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ) প্রকল্প’। প্রকল্পটির মেয়াদকাল হচ্ছে ৪ বছর (জুলাই ২০২৬-জুন ২০৩০ পর্যন্ত);

৩৪৪ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২প্রকল্প’। প্রকল্পটির মেয়াদকাল হচ্ছে ২ বছর (জুলাই ২০২৬-জুন ২০২৮ পর্যন্ত)।

সংশোধিত ৫ প্রকল্প

সংশোধিত ৫ প্রকল্পের মধ্যে তিনটিতে মোট ব্যয় বাড়ছে প্রায় ৪৫৬ কোটি টাকা এবং অবশিষ্ট দুটির ব্যয় বাড়ানো ছাড়াই প্রকল্পের মেয়াদকাল বাড়ানো হয়েছে। এর মধ্যে- ‘বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (১ম সংশোধিত) প্রকল্পে ২৬৯ কোটি ৪৪ লাখ টাকা; ‘ঢাকা সিএমএইচ এ ক্যান্সার সেন্টার নির্মান (২য় পর্যায়) (১ম সংশোধন) প্রকল্পে’ ১৬৫ কোটি ৬৩ লাখ টাকা এবং ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (৩য় সংশোধন) প্রকল্পে প্রায় ২০ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় বাড়ছে।

এছাড়া ‘বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও এ লিফট সংযোজন’ প্রকল্প এবং ‘দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প -উভয় প্রল্পের মেয়াদ চতুর্থ দফা বাড়ানো হয়েছে।

পরিকল্পনামন্ত্রী কর্তৃক অনুমোদিত ৬ প্রকল্প অবহিতকরণ

একনেক সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ৬টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। এগুলো হলো- ‘বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (২য় সংশোধিত) প্রকল্প’;
‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসনকরণ (২য় সংশোধিত) প্রকল্প’;
‘নাগরিক প্রান্তে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ প্রকল্প’;
‘ঢাকা সেনানিবাস এমইএস ট্রেনিং সেল এর অবকাঠামো সুবিধাদি সম্প্রসারণ প্রকল্প’;
‘বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ (২য় ধাপ) প্রকল্প’ এবং
‘পাইকগাছা কৃষি কলেজ স্থাপন, খুলনা (২য় সংশোধন) প্রকল্প’।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

পোকামাকড়হীন দেশ!
৯ জুন ২০২৬ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর