Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেটে জুলাই শহিদ পরিবারকে মাসে ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৬:৪৩ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৭:৩৯

জুলাই শহিদ পরিবারকে বরাদ্দ ২০২৬-২০২৭ বছরের অর্থবছরে। ছবি: সারাবাংলা

ঢাকা: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য বিশেষ মাসিক ভাতার প্রস্তাব করেছে সরকার। প্রস্তাব অনুযায়ী, প্রতিটি শহিদ পরিবার মাসে ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা পাবে। একই সঙ্গে আহতদের জখমের ধরন অনুযায়ী তিনটি শ্রেণিতে ভাগ করে মাসিক ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বাজেট প্রস্তাব অনুযায়ী, গুরুতর আহত ‘এ’ শ্রেণির জুলাই যোদ্ধারাও মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন। ‘বি’ শ্রেণির আহতদের জন্য মাসিক ১৫ হাজার টাকা এবং ‘সি’ শ্রেণির আহতদের জন্য ১০ হাজার টাকা ভাতার ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য কর-সুবিধারও প্রস্তাব করা হয়েছে। সাধারণ করদাতাদের তুলনায় তাদের করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে। এতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

সরকার এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে।

প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর