Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক এমপি আশিকা সুলতানার ফের তিন দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেট
২৯ জুন ২০২৬ ১৫:০৮

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা – ছবি : সংগৃহীত

ঢাকা: মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানার আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী শাহাবুদ্দিন রাজু।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে আশিকা সুলতানা-কে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

সেই রিমান্ড শেষ হওয়ার পর সোমবার আবারও তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আশিকা সুলতানার আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুন রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার এপেক্স শোরুমসংলগ্ন বাটা শোরুমের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ব্যানার-ফেস্টুন ফেলে পালিয়ে যান।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনায় দেখা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিছিল অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

সারাবাংলা/টিএম/এসআর