Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ডিবির হারুন এসে বলে ক্রসফায়ারে দাও’

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ০৯:৫৬

ঢাকা: ডিবি হেফাজতে থাকা অবস্থায় নিজের ওপর শারীরিক নির্যাতনের বর্ণনা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নূর নবী।

শুক্রবার (১০ আগস্ট) শহিদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে পুলিশের বীভৎস নির্যাতনের বর্ণনা দেন তিনি। ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

সমন্বয়ক নূর নবী বলেন, ‘আমাকে চিত করে শুইয়ে বলে তোর এক হাত তো ছাত্রলীগ ভেঙেছে, আরেক হাত আমরা ভেঙে দেব। আমাকে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত মারধর করে। রুটি যেভাবে বেলে ঠিক সেভাবে আমার হাঁটু থেকে নাভি পর্যন্ত লাঠি দিয়ে চাপ দেয়। আমি কান্না করলেই বলত তোকে মেরেই ফেলব। ঘণ্টার পর ঘণ্টা আমাকে এভাবে মারধর করত।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে নূর নবী বলেন, ‘আমাকে গাড়িতে করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। গাড়িতে উঠিয়েই মারধর শুরু করে। বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মোস্তফা এবং তার সঙ্গে যারা ছিল তারা। ডিবি কার্যালয়ে নিয়ে আমাকে কালো কাপড় দিয়ে বেঁধে ফেলে। শরীরের সব কাপড় খুলে নেয়।’

তিনি বলেন, পুলিশ আমাকে মারছিল আর বারবার বলছিল তুই জঙ্গি, তুই শিবির। তুই ছাত্রদল করিস।’

বিদ্যুতের শকের বর্ণনা দিয়ে নূর নবী বলেন, ‘পুলিশ আমাকে প্রস্রাব করতে বলে। প্রস্রাব করার সময় আমাকে বিদ্যুতের শক দেয়। ওরা আমার অন্ডোকোষে জোরে জোরে আঘাত করে। বারবার আমার মনে হচ্ছিল আমি মরে যাব।’

নূর নবী বলেন, ‘কারাগারে আমি অনেক গার্ডকে কান্না করে বলেছি আমাকে হাসপাতালে নেন। আমাকে হাসপাতালে নেয়নি। কারাগারে পানিতে মরিচ দিয়ে রাখা হতো যেন পানি খেতে না পারি, গোসল করতে না পারি। তিনি বলেন, পরে রমনায় নিয়ে আমাদের কয়েকজনের চোখ খুলে দেওয়া হয়। আমার হাতে পেট্রোল বোমা দিয়ে ভিডিও করে।’

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মাসুদ রানা, সোহান, স্বর্ণা আক্তার রিয়া, মোস্তাফিজুর রহমান, ফয়সাল ছাড়াও আন্দোলনকারী শিক্ষার্থী নাইমা আক্তার রিতা, বিএম তানজীল প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে
বিজ্ঞাপন

আরো