Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপ: যুবলীগ নেতা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৭:৫২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২০:০২

গ্রেফতার হওয়া যুবলীগ নেতা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর হাজারী লেনে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে নগরীর কোতোয়ালী থানার লাভ লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে চট্টগ্রামে যৌথবাহিনীর টাস্কফোর্স-৪-এর সদস্য মেজর রিজওয়ান জানিয়েছেন।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার সুমন চৌধুরী চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে সুমন গত ৪ ও ৫ আগস্ট চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার উদ্দেশে হামলার ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় দায়ের হওয়া এক মামলার আসামি।

বিজ্ঞাপন

গত ৫ নভেম্বর ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার হাজারী লেনে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে গেলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ওপর অ্যাসিড নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। আহত হন পুলিশ ও সেনাবাহিনীর ১২ সদস্য। ওই রাতেই যৌথবাহিনী হাজারী লেনে অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করা হয়। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

নগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে ঘটনার সঙ্গে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) জড়িত বলে জানানো হয়। এর প্রতিক্রিয়ায় ইসকনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নাকচ করা হয়।

সারাবাংলা/আরডি/এমপি