Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ না খেলা বাংলাদেশকে শাস্তি নয় বরং পুরস্কৃত করবে আইসিসি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৬ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৭

নানান আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। শোনা যাচ্ছিল, এমন সিদ্ধান্তের কারণে আইসিসি কর্তৃক শাস্তির মুখে পড়তে পারে বাংলাদেশ। তবে তেমন কিছু হচ্ছে না, উল্টো বাংলাদেশকে পুরস্কৃত করবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিস্কার করেছে আইসিসি নিজেই। পুরস্কার হিসেবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশকে আরও একটি বৈশ্বিক আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

বিজ্ঞাপন

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিকে ‘দুর্ভাগ্যজনক’ বলা হয়েছে। তবে আইসিসি স্পষ্ট করেছে, এতে বাংলাদেশের ক্রিকেটে কোনো দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে দেওয়া হবে না।

আইসিসি আরও উল্লেখ করেছে, ২০ কোটির বেশি সমর্থক নিয়ে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং দেশটির ক্রিকেটের টেকসই উন্নয়নে তারা সহযোগিতা অব্যাহত রাখবে।

আইসিসির প্রধান নির্বাহী সনযোগ গুপ্তাকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দুঃখজনক। তবে এটি বাংলাদেশকে একটি প্রধান ক্রিকেট জাতি হিসেবে আইসিসির দীর্ঘস্থায়ী অঙ্গীকারকে পরিবর্তন করবে না। বিসিবিসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা দেশটির ক্রিকেটের টেকসই উন্নয়ন এবং খেলোয়াড় ও সমর্থকদের জন্য ভবিষ্যৎ সুযোগ আরও শক্তিশালী করার দিকে মনোনিবেশ করে যাচ্ছি।’

উল্লেখ্য, নিরাপত্তাশঙ্কার কারণে ভারতের বদলে নিজেদের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়ার আবেদন করেছিল বাংলাদেশ। কিন্তু আইসিসি তাতে কর্ণপাত করেনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুরু থেকেই আইসিসির এই অবস্থানের সমালোচনা করে আসছিল।

একটা পর্যায়ে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করে আইসিসি। তার প্রতিবাদে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বিষয়টি বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ বলে আইসিসি থেকে পিসিবিকে ম্যাচ খেলার বিষয়ে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাওয়া হয়।

তার অংশ হিসেবে পাকিস্তানের লাহোরে পিসিবি এবং বিসিবির সঙ্গে বৈঠক হয়েছে আইসিসির। বৈঠকে বাংলাদেশের পক্ষে একাধিক শর্ত জুড়ে দেয় পিসিবি। বলা হয় সেই শর্ত পূরণ হলে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তের বিষয়টি পূনরায় ভাবা হবে। তারপরই আইসিসির পক্ষ থেকে বিবৃতি আসে। এবং পাকিস্তানও জানিয়ে দেয় তারা ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটি খেলছেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর