উত্তেজনা, রোমাঞ্চ, বাড়তি আগ্রহ, কথার লড়াই- কী ছিল না ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াইটা হবে কিনা তা নিয়ে শঙ্কাও জেগেছিল। নানান নাটকীয়তার পর মাঠে খেলা গড়িয়েছে। তবে মাঠের বাহিরে যতো উত্তেজনা ছড়াল মাঠের ভেরতে তার উল্টোটা। ম্যাচে তেমন প্রতিদ্বন্দ্বীতাই হলো না! একতরফা ম্যাচ জিতেছে ভারত।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে সূর্যকুমার যাদবের দল। আগে ব্যাটিং করে ১৭৫ রান তুলেছিল ভারত। পরে ভারতীয় বোলিংয়ের সামনে মাত্র ১১৪ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। উত্তেজনার লড়াইটা শেষ হয়েছে ভারতের ৬১ রানের বিশাল জয় নিয়ে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটা নিয়ে আগ্রহ ছিল চরমে। দুই দলের বর্তমান অবস্থান যা তাতে মনে করা হচ্ছিল মাঠের লড়াইটা বুঝি প্রতিদ্বন্দ্বীপূর্ণই হবে। পাকিস্তান দলে বেশ কয়েকজন ভালো স্পিনার আছেন যারা সম্প্রতি ভালো ফর্মে আছেন। তাছাড়া কলম্বোর পিচও বেশ স্লো। সব মিলিয়ে লড়াই জমার কথাই ভাবা হচ্ছিল। কিন্তু মাঠের লড়াইয়ে দাঁড়াতেই পারল না পাকিস্তান!
ভারতের ১৭৫ রানের জবাব দিতে নেমে দুই ওভার শেষে পাকিস্তানের স্কোর ১৩/৩! শাহিবজাদা ফারহান, সিয়াম আইয়ূব, সালমান আলি আগা ফিরেছেন পরপর। এই তিন জনের মতো চার নম্বরে ব্যাট করতে নামা বাবর আজমও দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি।
বাবর যখন ৭ বলে ৫ রান করে ফিরলেন পাকিস্তানের স্কোর তখন ৪ ওভারে ৩৪। ম্যাচটা সেখানেই শেষ হয়ে গেছে। বাকি সময়ে কেবল লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টাই করে গেছে পাকিস্তান। মাঝের ওভারগুলোতে উসমান খান চেষ্টা করেছেন। তবে তিনিই কেবল বলার মতো রান করতে পেরেছেন। তার ৩৪ বলে ৪৪ রানের ইনিংসটাই পাকিস্তানের মধ্যে সর্বোচ্চ।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। দলটির পক্ষে ১৯ বলে ২৩ রান করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, অক্ষার প্যাটেল ও বরুণ চক্রবর্তী।
এর আগে পাকিস্তানের বোলিং খারাপ হয়নি। আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই দারুণ ফর্মে থাকা অভিষেক শর্মাকে হারিয়ে বিপদে পরে ভারত। তিনে নেমে তিলক ভার্মাও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারছিলেন না। তবে অপর ওপেনার ইশান কিষাণ ব্যাট হাতে একপ্রান্ত থেকে ঝড় তোলেন।
মাঝের ওভারগুলোতে ভারতীয় ব্যাটারদের বেশ চেপে ধরেছিল পাকিস্তানি স্পিনাররা। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা সুবিধা করতে পারেননি।
যাদব ২৯ বলে ৩২ রান করে আউট হয়েছেন। হার্দিক পান্ডিয়া ফিরেছেন প্রথম বলেই। তবে শেষ দিকে শিভম দুবে বেশ ভালো ব্যাটিং করেছেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানে থেমেছে ভারত। ইশান কিষান ৪৪ বলে ৭৭ রান করেছেন। পাকিস্তানের হয়ে ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন সিয়াম আইয়ূব।