Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারতকে সবচেয়ে বড় ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭

উড়তে থাকা ভারতকে মাটিতে আছড়ে ফেলল দক্ষিণ আফ্রিকা! টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় হারের তেতো স্বাদ দিল প্রটিয়ারা। আহমেদাবাদে বিশ্বকাপের সুপার এইট পর্বে ৭৬ রানের বিশাল ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের এটা সবচেয়ে ব্যবধানে হার।

আগে ব্যাটিং করে ১৮৭ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। পরে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ গুটিয়ে গেছে ১১১ রানে। স্বাগতিকরা যখন গুটিয়ে যায় তখনও ইনিংসের ৭ বল বাকি ছিল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২০ রানে তিন উইকেট হারিয়ে ফেলে দলটি। তবে পাঁচ নম্বরে নেমে পাল্টা আক্রমণে ম্যাচ ঘুরিয়ে দেন ডেভিড মিলার। ৩৫ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে সাতটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে ম্যাচসেরা হন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন ডেওয়াল্ড ব্রেভিস (৪৫) ও ট্রিস্টান স্টাবস (অপরাজিত ৪৪)। মিলার-ব্রেভিসের পঞ্চম উইকেট জুটির ৯৭ রানের জোটে বড় পুঁজি পায় প্রোটিয়ারা।

বিজ্ঞাপন

জবাবে শুরু থেকেই ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। পাওয়ার প্লেতেই তিন টপ অর্ডার হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। কেবল মিডল অর্ডারে শিবম দুবে ৪২ রান করেন। তিনজন ব্যাটার শূন্য রানে ফেরেন।

বল হাতে আগুন ঝরান দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। ২২ রানে ৪ উইকেট নিয়ে ভারতের কোমর ভেঙে দেন তিনি। এছাড়া কেশব মহারাজ ৩টি এবং করবিন বশ ২টি উইকেট নেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় ভারত। দুবে ৩৭ বলে ৪২ রান করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর