Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৮:৪৭ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৮:৪৯

খেলা ছাড়ার আগে খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের বা গোষ্ঠীর প্রতিনিধি হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো রাজনৈতিক দলের নয় বরং দেশের প্রতিনিধি হয়ে উঠার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৩০ মার্চ) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খেলোয়াড়দের জন্য ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘ক্রীড়া কার্ড’ তুলে দেন তিনি এবং খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রীর আহ্বান, ‘খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সবার প্রতি আমার একান্ত অনুরোধ—পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন এবং হবেন না। বরং ক্রীড়ানৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন, দেশের জন্য গৌরব ও সম্মান বয়ে আনবেন।’

বিজ্ঞাপন

সরকারের নতুন উদ্যোগের অংশ হিসেবে খেলাধুলাকে একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে শতাধিক ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়িয়ে ৫০০ জনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এই তালিকার বাইরে থাকবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেন, আর্চারি, বক্সিং, জিমন্যাস্টিকস, ওয়েটলিফটিং, সাঁতার, প্যারা সুইমিং, প্যারা অ্যাথলেটিকস, হুইলচেয়ার বাস্কেটবলসহ নানা খেলায় বাংলাদেশের ছেলেমেয়েরা ভালো করছে। শুধু ক্রিকেট বা ফুটবল নয়, এই খেলাগুলোকেও সামনে এগিয়ে নিতে চায় সরকার।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে ক্রীড়া শুধু শখ, বিনোদন বা ব্যায়ামের অংশ নয়; বরং আমরা দেখতে পাচ্ছি, বিশ্বে ক্রীড়া এখন পেশা হয়ে দাঁড়াচ্ছে। অ্যাকাউন্ট্যান্সি, ইঞ্জিনিয়ারিং বা লিগ্যাল প্রফেশন যেমন পেশা, ঠিক একইভাবে স্পোর্টসও একটি পেশা। পৃথিবী যখন এভাবে এগিয়ে যাচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশও পিছিয়ে থাকতে পারে না; আমরা ইনশা আল্লাহ পিছিয়ে থাকব না।’

শিক্ষার মতো খেলাধুলাকেও বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের স্কুলে যেমন অঙ্ক, ইংরেজি, ভূগোল ও ইতিহাস আবশ্যিক হিসেবে পড়তে হয়, আমরা চাচ্ছি, শিশু যে খেলাটিই পছন্দ করুক, সেটি তাকে খেলতে হবে। সেটাতে তাকে দক্ষ হতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে। অর্থাৎ ইতিহাস, ভূগোল ও বিজ্ঞানের পাশাপাশি আমরা খেলাধুলাকেও আবশ্যিক করব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর