ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি খেলাধুলার সঙ্গে রাজনীতিকে জড়াতে চান না। রাজনীতির উর্ধ্বে থেকে খেলাধুলাকে এগিয়ে নেওয়া হবে বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (৩১ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে মতিঝিলে ক্লাব প্রাঙ্গণ পরিদর্শনে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।
নিজের বক্তব্যে আমিনুল হক বলেন, ‘আমরা দলের উর্ধ্বে গিয়ে, রাজনীতির উর্ধ্বে গিয়ে খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই মোহামেডান এবং আবহানীর যে দ্বৈরথ সেটা মাঠে আরও তীব্র হোক। কিন্তু মাঠের বাহিরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে বলেছেন যে আমরা খেলাধুলার সঙ্গে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডকে কখনোই জড়াবো না। আমরা রাজনীতির উর্ধ্বে থেকে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই সঙ্গে আগামীতে আমাদের দেশের তৃণমূলের খেলাধুলাকে আমাদের প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’
খেলাধুলা যেন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেদিকে নজর ক্রীড়া প্রতিমন্ত্রীর। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থায় ক্রীড়াঙ্গন হবে একটি অন্যতম মাধ্যম, যে মাধ্যমে আমরা আমাদের এই সমাজ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে পারব।’
রাজনৈতিক কারণে দীর্ঘদিন যাবত দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান পিছিয়ে ছিল বলে মন্তব্য করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা দীর্ঘদিন যাবত দেখেছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে মোহামেডানসহ কিছু ক্লাব অনেকাংশেই পিছিয়ে ছিল। আমরা সকল রাজনৈতিক বৈশ্বম্য দূর করে, ক্রীড়াঙ্গনে যারা সম্পৃক্ত আছেন, যারা ভালো সংগঠক তাদের দিয়ে ক্রীড়াঙ্গনটিকে ভালোভাবে সাজাতে চাই।’
এর আগে নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টায় ক্লাবে পৌঁছালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ, স্থায়ী সদস্য ও খেলোয়াড়রা উষ্ণ অভ্যর্থনা জানান। ক্লাবের নবনির্বাচিত পর্ষদদের সাথে এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরাও।