পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বড় শাস্তির মুখে পড়েছেন ফখর জামান। বল টেম্পারিংয়ের দায়ে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, আচরণবিধির ‘লেভেল ৩’ ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে গত ২৯ মার্চ পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ম্যাচে। যেখানে লাহোর কালান্দার্সের হয়ে খেলছিলেন ফখর। করাচি কিংসের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচেই তার বিরুদ্ধে বলের অবস্থা পরিবর্তনের অভিযোগ ওঠে।
ম্যাচ চলাকালে বিষয়টি নজরে আসলে আম্পায়াররা বল পরিবর্তন করেন এবং লাহোর কালান্দার্সকে ৫ রান পেনাল্টি দেন। ম্যাচ পরিচালনায় থাকা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, ফয়সাল খান আফ্রিদি, টিভি আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার তারিক রশিদ যৌথভাবে অভিযোগ আনেন।
প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করেন ফখর জামান, ফলে বিষয়টি শুনানিতে গড়ায়। পরে ম্যাচ রেফারি রোশন মহানামা প্রমাণ পর্যালোচনা করে দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখেন। শুনানিতে উপস্থিত ছিলেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি এবং দলের টিম ডিরেক্টর সামিন রানা।
এই নিষেধাজ্ঞার ফলে ফখর জামান ৩ এপ্রিল মুলতান সুলতান্স এবং ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। তবে পিএসএলের নিয়ম অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিনি চাইলে টেকনিক্যাল কমিটির কাছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।