Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছিল: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৮:০৩

স্বৈরাচার সরকার যখন জোর করে ক্ষমতায় ছিল তখন উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছিল- বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সিলেট জেলা স্টেডিয়ামের সংস্কার শেষে আগামী ৩০ এপ্রিল দেশব্যাপী প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সিলেট সিলেট জেলা স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনা দেখে পরে এমন মন্তব্য করেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘স্বৈরাচার সরকার যখন জোর করে ক্ষমতায় ছিল, তখন উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি হয়েছে। যার কারণে আজ সিলেট জেলা স্টেডিয়ামের এই জরাজীর্ণ অবস্থা দেখতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।’

বিজ্ঞাপন

অবিলম্বে সিলেট জেলা স্টেডিয়াম সংস্কার করে খেলাধুলার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ফুটবল ও ক্রিকেটসহ সাতটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ এপ্রিল সিলেটসহ দেশের ৬৪টি জেলায় একযোগে শুরু হবে এই কর্মসূচি।

কদিন আগে খেলোয়াড়দের জন্য ‘ক্রীড়া কার্ড’ কর্মসূচী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচীর আওতায় খেলোয়াড়রা প্রতি মাসে মাসিক ভাতা পাবেন। বিষয়টি উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’এই লক্ষ্য নিয়ে ক্রীড়াবিদদের জন্য বিশেষ ভাতা ও ক্রীড়া কার্ড চালু করা হয়েছে। ইতোমধ্যে ১২৯ জন এই সুবিধার আওতায় এসেছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে আরও ৫০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড়কে এই ভাতার আওতায় আনা হবে।’

এর আগে প্রতিমন্ত্রী খুদে ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া দুপুর ১টায় তিনি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামও পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, বিসিবি পরিচালক রাহাত শামস, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, ক্রীড়াবিদ রেজাউল করিম নাচনসহ বিভিন্ন স্পোর্টস সংগঠনের প্রতিনিধিরা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর