এশিয়ান গেমস হকি বাছাইপর্বে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারল না বাংলাদেশ। চাইনিজ তাইপের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচে ৩-২ গোলে হেরে গেল শ্রীলঙ্কার বিপক্ষে। প্রায় দুই দশক পর শ্রীলঙ্কার বিপক্ষে হারল বাংলাদেশ।
শুক্রবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই লড়াই জমে ওঠে দুই দলের মধ্যে। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করে এগিয়ে যায় শ্রীলঙ্কা। তাদের হয়ে গোল করেন সেরান বোথালে, কুশল ওয়েরাপ্পুলি এবং সুরেশ রত্নায়েক। অন্যদিকে বাংলাদেশের হয়ে দুটি গোল করেন আশরাফুল ইসলাম ও আমিরুল ইসলাম।
২০০৬ সালে কলম্বোয় অনুষ্ঠিত এসএ গেমসের পর এই প্রথমবার শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে হারা বাংলাদেশ আগামী ৬ এপ্রিল উজবেকিস্তানের মুখোমুখি হবে।
বাছাইপর্ব উৎরে যেতে উজবেকিস্তানের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, এই পর্ব থেকে শীর্ষ ছয়টি দল সুযোগ পাবে এশিয়ান গেমসে। ২০২৬ সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানে।