এশিয়ান গেমস হকি বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। উজবেকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি এশিয়ান গেমসের টিকিটও অনেকটাই নিশ্চিত হয়ে যেত। তবে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মূল্যবান দুই পয়েন্ট হারিয়েছে লাল-সবুজের দল।
ব্যাংককের রয়েল থাই এয়ার ফোর্স হকি মাঠে ম্যাচের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে উজবেকিস্তানকে এগিয়ে দেন মিরনশোখ ওর্তিকবোয়েভ। গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ, তবে প্রথম তিন কোয়ার্টারে একাধিক সুযোগ পেয়েও গোল আদায় করতে পারেনি।
শেষ কোয়ার্টারে এসে অবশেষে সমতা ফেরায় বাংলাদেশ। ম্যাচের ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে সমতায় ফেরান আমিরুল ইসলাম। এরপর জয়ের জন্য চেষ্টা চালালেও আর গোল পায়নি বাংলাদেশ।
পুরো ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেয়েও একটিকেও গোলে রূপ দিতে পারেনি বাংলাদেশ। সুযোগ কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়।
এই ফলাফলে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ পয়েন্ট—একটি জয়, একটি ড্র ও একটি হার। একই সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠে গেছে উজবেকিস্তান।
তবে বাংলাদেশের এশিয়ান গেমসের টিকিটের আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। ৯ দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ ৬ দল জায়গা পাবে চূড়ান্ত পর্বে। ফলে পঞ্চম বা ষষ্ঠ হলেও এশিয়ান গেমসে খেলার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের আসর। তার আগে ১০ এপ্রিল পর্যন্ত চলবে এই বাছাইপর্ব। এখন পর্যন্ত ১১ বার এশিয়ান গেমসে অংশ নিয়েছে বাংলাদেশ হকি দল।