ঘরোয়া ক্রিকেটকে আবার সচল করতে জোর তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন এ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই আটকে থাকা বিভিন্ন লিগ চালু করতে ধারাবাহিকভাবে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করছেন সভাপতি তামিম ইকবাল। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সন্ধ্যায় প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন তামিম। সেই বৈঠকে ঢাকা লিগ মাঠে ফেরানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়। এবার প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসে এই দুটি স্তরের লিগ নতুন করে আয়োজনেরও পথ খুঁজবে বিসিবি।
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডে আগের পরিচালনা পর্ষদের সময় ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়। ঢাকার বেশিরভাগ ক্লাব সেই সময় কোনো লিগেই অংশ নেয়নি। ফলে দায়সারা আয়োজনে প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ শুরু করা হলেও তা শেষ পর্যন্ত সম্পন্ন করা সম্ভব হয়নি। বিশেষ করে ঢাকার ৪৬টি ক্লাব অংশ না নেওয়ায় প্রতিযোগিতার মান ও গ্রহণযোগ্যতা দুটোই প্রশ্নের মুখে পড়েছিল।
বর্তমান পরিস্থিতিতে বিসিবি চাইছে সব ক্লাবকে সম্পৃক্ত করে নতুনভাবে লিগ আয়োজন করতে। জানা গেছে, চলতি মাসেই প্রিমিয়ার লিগের দলবদল অনুষ্ঠিত হতে পারে এবং আগামী মাসের প্রথম সপ্তাহে লিগ শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে প্রথম ও দ্বিতীয় বিভাগের লিগ কবে এবং কীভাবে শুরু হবে—তা এখনও চূড়ান্ত হয়নি।
এই প্রেক্ষাপটে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এই সভায় ক্লাব প্রতিনিধিরা নতুন করে লিগ শুরুর প্রস্তাব দিতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে।