ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার (১১ জনু) প্রধানমন্ত্রী তার বাণীতে আশাবাদ ব্যক্ত করেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘এই জয় দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে।’
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘দলগত এই সংহতি বজায় থাকলে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।’
বাংলাদেশের ক্রিকেটের এই ঐতিহাসিক অর্জনে দেশবাসীর মতো তিনিও আনন্দিত বলে জানান। দেশের ক্রীড়াঙ্গনের এই সাফল্যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরনের সমর্থনের কথা তিনি পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অজিদের বৃষ্টি আইনে ৫ উইকেটে পরাজিত করে টাইগাররা। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল স্বাগতিকরা। এর আগে একই মাঠে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।