Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাঈমের বিধ্বংসী সেঞ্চুরিতে খুলনার ২২০

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৫:৩৪ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৫:৫৬

বিপিএলে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছেন নাঈম শেখ

প্লে অফের দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই খুলনা টাইগার্সের। পা হড়কালেই ছিটকে যাবে শেষ চারের দৌড় থেকে। সরল এই সমীকরণ সামনে রেখেই আজ (বৃহস্পতিবার) রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমেছে খুলনা। টানা তিন ম্যাচ হারা রংপুরের বোলারদের ওপর তাণ্ডব বইয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন নাঈম শেখ। বিপিএলে তার প্রথম সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রানের সংগ্রহ পেয়েছে খুলনা।

নাঈম ঝড়ে উড়ে যাওয়ার দিনে এলোমেলো বোলিংয়ের সাথে চোখে লেগেছে রংপুরের ফিল্ডিং মিস। ক্যাচ মিস, বাউন্ডারি আটকাতে না পারার চেয়ে অবশ্য অতিরিক্ত রান দেয়ার ব্যাপারটাও ভুগিয়েছে দলকে। সাইফউদ্দিন নিজের শেষ ওভার সম্পন্ন করতে বল করেছেন দশটি। রংপুরের সবচেয়ে খরুচে বোলারও আজ তিনিই, কোটার এক ওভার বাকি রেখেই দিয়েছেন ৫৫ রান। ছিলেন উইকেট শূন্য।

বিজ্ঞাপন

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে খুলনার ব্যাটিং করার সিদ্ধান্তটা কাজে লেগেছে শতভাগ। ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ সাইফউদ্দিনকে আনা দুই ছক্কা মেরে শুরু মিরাজের। যদিও শেখ মাহেদীর বলে আকিফ জাভেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন খুলনা অধিনায়ক। তিনে নেমে অ্যালেক্স রসও ইনিংস বড় করতে পারেননি। তবে তৃতীয় উইকেটে নাঈম-বোসিস্টোর জুটিতে জমে যায় লড়াই। ৬০ রানের মধ্যে দুই ব্যাটারকে হারানোর ধাক্কাও সামলে উঠে খুলনা তাদের বড় জুটিতেই।

মাত্র ৪৭ বলে দুজনের ব্যাট থেকে আসে মোড় ঘোরানো ৮৮ রানের জুটি। শুরুতে রয়েসয়ে খেললেও এই জুটির পথেই আগ্রাসী হয়ে ওঠেন  নাঈম। ১২তম ওভারে ইফতিখার আহমেদকে তিন ছক্কায় যার শুরু। ষষ্ঠ ওভারে এক ছক্কা ও এক ছয় মারা মাহেদীকে ১৬তম ওভারে পেয়েও মেরেছেন টানা দুই চার। তবে সাইফউদ্দিনের ওপর দিয়েই সবচেয়ে বড় ঝড়টা বইয়েছেন নাঈম। ১৮তম ওভারে দুই চারের সাথে এক ছক্কার প্যাকেজে পিটিয়েছেন এই ডানহাতি পেসারকে।

নাঈম নিজের প্রথম বিপিএল সেঞ্চুরি ছুঁয়েছেন ৫৫ বলে। ইনিংস শেষ করেছেন ৬২ বলে সাত চার ও আট ছক্কায় ১১১* রানে। নাঈমের সেঞ্চুরির দিনে শেষদিকে আলো কেড়েছেন মাহিদুল অঙ্কনও। ১৫ বলে করেছেন ২৯ রান। ঝড়ো ব্যাটিংয়ে দুজন মিলে ৩২ বলে তোলেন ৭০ রান।

দিশাহীন বোলিংয়ের দিনে একটি করে উইকেট পেয়েছেন নাহিদ রানা, শেখ মাহেদী ও আকিফ জাভেদ।

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

ফ্রেমের ভাষায় গর্ব ও আবেগের একুশ [ছবি]
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১১

আরো