Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘুমন্ত কিশোরীকে ধর্ষণ: টাঙ্গাইলে ধর্ষকের গ্রেফতার চেয়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ২০:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে প্রতিবেশী চাচা ফরহাদ খানের (৫৫) ধর্ষণের শিকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাত মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ধর্ষকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২৬ মে) বিকেলে নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চের আয়োজনে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বীথির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গণসংহতি আন্দোলন জেলার সংগঠক তুষার আহমেদ, সমাজকর্মী নাহার চাকলাদার, শিক্ষক স ম আজাদ, ক্রীড়া সংগঠক ও শিক্ষক মোনালিসা মুন্নি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার দফতার ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রেমা সরকার ও কুমুদিনী কলেজের সাধারণ শিক্ষার্থী বর্ষা প্রমুখ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা কিশোরীর প্রতিবেশী অভিযুক্ত চাচা মো. ফরহাদ খান কিশোরীর বাড়িতে আসা-যাওয়া করতেন। ৭ থেকে ৮ মাস আগে বাড়িতে কিশোরীর বাবা-মা না থাকার সুযোগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘুমান্ত ওই কিশোরীকে গামছা দিয়ে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। পরে ধর্ষণের ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন ফরহাদ খান। ভয়ে কিশোরী ধর্ষণের ঘটনা কাউকে জানায়নি। এ ঘটনার কয়েকদিন পর কিশোরীকে বাড়ির উঠান থেকে জোরপূর্বক ধরে ঘরে নিয়ে ফের ধর্ষণ করে। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়।

ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার (১৫ মে) কিশোরীর বাবা বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।

সারাবাংলা/এসআর