Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন, মামলা দায়ের

রাবি করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৬ ২০:১৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় মতিহার থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২-কে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, ‘এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। থানায় হল প্রশাসনের পক্ষ থেকে মামলাও করা হয়েছে। তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন।’

বিজ্ঞাপন

এদিকে হামলার ঘটনায় শহিদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মতিহার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, ‘একটি অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। আমরা মামলাটি নিয়েছি। এ বিষয়ে কাজ শুরু হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, ‘মতিহার থানায় একটি মামলা হয়েছে। রাবির শহিদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। অজ্ঞাতনামা কয়েকজনকে উল্লেখ করে তিনি মামলাটি করেছেন। এর সঙ্গে যারা জড়িত, যদি প্রাথমিকভাবে এগুলো প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তবে অজ্ঞাতনামা মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। তাদের দাবি, হামলার ঘটনায় জড়িতদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে ফুটেজসহ বিভিন্ন তথ্য রয়েছে। তাই হামলাকারীদের শনাক্ত করে তাদের নাম উল্লেখ করে মামলা এবং দ্রুত গ্রেফতার করতে হবে।

উল্লেখ্য, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ৪ সাংবাদিক গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হন।