Friday 20 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৬ ২৩:৫৯

রোহিঙ্গা জনগোষ্ঠী। ফাইল ছবি

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে ‘অন্যায্য’ বলে আখ্যা দিয়েছে দেশটির সরকার। আজ শুক্রবার মিয়ানমার সরকারের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খিন খিন সোয়ে বলেন, গতকাল বৃহস্পতিবার দেওয়া আইসিজের এই রায় বিচারকদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এসেছে। ১৫ জন বিচারকের মধ্যে ৯ জন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করার পক্ষে এবং ৬ জন বিপক্ষে ভোট দিয়েছেন।

বিজ্ঞাপন

রাজধানী নেপিদোতে সাংবাদিকদের খিন খিন সোয়ে বলেন, ‘১৫ জন বিচারকের সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত হননি। তাই এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না। আমি বলব, রায়টি অন্যায্য।’

মিয়ানমার সরকার বরাবরই রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সেনাবাহিনী যে সামরিক অভিযান চালিয়েছিল, তা মূলত বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল।

খিন খিন সোয়ে বলেন, আদালতে উত্থাপিত সব প্রশ্নের জবাব দিতে মিয়ানমার ‘সর্বাত্মক চেষ্টা’ করেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে নিজেদের দায়িত্ব পালন এবং আদালতে উত্থাপিত বিষয়গুলোর সমাধানে তারা যথাসাধ্য চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি।

২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযান পরিচালনার সময় মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান ছিলেন বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। ওই অভিযানের নেতৃত্ব ও দায়িত্বও ছিল তাঁর হাতে। আদালত জানিয়েছে, তাদের কাছে থাকা প্রমাণ অনুযায়ী, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন।

এদিকে, হেগভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত সরকারকে কয়েকটি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা মুসলিমদের ক্ষতিপূরণ দেওয়া এবং গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করা।

তবে আদালতের এসব নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে কোনো মন্তব্য করেননি খিন খিন সোয়ে। তিনি জানান, আদালতের পূর্ণাঙ্গ রায় ও বিচারকদের পৃথক মতামত মিলিয়ে নথির পরিমাণ ৩০০ পৃষ্ঠার বেশি। এসব নথি পর্যালোচনা করতে মিয়ানমার সরকারের সময় প্রয়োজন। খিন খিন সোয়ে বলেন, ‘যেহেতু এগুলো আইনি নথি, তাই আমাদের সময় নিয়ে সেগুলো সতর্কতার সঙ্গে পর্যালোচনা করতে হবে।’

বিজ্ঞাপন

চবির হলে মাদক সেবন, আটক ৮
২০ নভেম্বর ২০২৬ ২৩:৩০

আরো

সম্পর্কিত খবর