Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রেবল জিতে নতুন উচ্চতায় পিএসজি

স্পোর্টস ডেস্ক
১ জুন ২০২৫ ০৯:২২

ট্রেবল জিতল পিএসজি

ফ্রেঞ্চ লিগ কাপ, ট্রফি ডি চ্যাম্পিয়ন ও লিগ ওয়ান জিতে ঘরোয়া ট্রেবলের স্বাদ আগেই পেয়েছিলেন তারা। পিএসজির সামনে হাতছানি দিচ্ছিল ইউরোপিয়ান ট্রেবল। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সেটাও পূর্ণ করল লুইস এনরিকের দল। ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে ট্রেবল জয়ের উল্লাসে মাতল পিএসজি।

গত মৌসুম শেষে পিএসজি ছাড়েন দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপে। তার বিদায়ের পর পিএসজি থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নেয় ইউরোপিয়ান মিডিয়া। ফরাসি ফুটবলে অনেকটা নিভৃতেই চলতে থাকে পিএসজির দাপট।

এই বছরের জানুয়ারিতে পিএসজি জিতেছিল মৌসুমের প্রথম শিরোপা। এরপর পিএসজির ঘরে ওঠে ফ্রেঞ্চ লিগ কাপ শিরোপা। লিগ ওয়ানে মৌসুমজুড়েই দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি সহজেই জিতে নেয় লিগ শিরোপাও।

বিজ্ঞাপন

ঘরোয়া ট্রেবল জয়ে পর পিএসজির চোখ ছিল বহু আরাধ্য চ্যাম্পিয়নস লিগে। দাপটের সঙ্গে এই মৌসুমে খেলা পিএসজি আর্সেনালকে হারিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলার সুযোগ পায়।

ফাইনালে পিএসজির প্রতিপক্ষ ছিল শক্তিশালী ইন্টার মিলান। তবে মিউনিখের ফাইনালে ইন্টারকে পাত্তাই দিল না পিএসজি। ৫-০ গোলের বিশাল জয়ে চ্যাম্পিয়নস লিগ জিতল এনরিকের দল। মার্শেইয়ের পর দ্বিতীয় ফরাসি ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিতলেন তারা।

এই শিরোপা জেতায় ইউরোপিয়ান ট্রেবল পূর্ণ করল পিএসজি। পুরুষদের ইউরোপিয়ান ফুটবলে নবম দল হিসেবে ট্রেবল জিতল পিএসজি। এর আগে ১৯৬৭ সালে সেল্টিক, ১৯৮৮ সালে পিএসভি আইন্দহোভেন, ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড, ২০০৯ সালে বার্সেলোনা, ২০১০ সালে ইন্টার মিলান, ২০১৩ সালে বায়ার্ন মিউনিখ, ২০১৫ সালে বার্সেলোনা, ২০২০ সালে বায়ার্ন মিউনিখ ও ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপিয়ান ট্রেবল জয়ের কীর্তি গড়েছিল।

সারাবাংলা/এফএম