Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্কুল-মাদরাসায় ঈদের ছুটি আজ, কলেজ-প্রাথমিকে ৩ জুন

‎স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ০৯:৪৬

ঢাকা: ‎পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে আজ।

রোববার (১ জুন) থেকে মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়েছে। যদিও গত ২৯ মে বৃহস্পতিবার ছিল এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কার্যদিবস, কারণ ৩০ ও ৩১ মে ছিল সাপ্তাহিক ছুটি।

‎অন্যদিকে, দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি কলেজগুলোতে ঈদের ছুটি শুরু হবে আগামী ৩ জুন।

‎এবারের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে রয়েছে ভিন্নতা। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ১০ দিনের ছুটি পাচ্ছে, আবার কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটির মেয়াদ ২৫ দিন পর্যন্ত।

বিজ্ঞাপন

‎শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

‎জানা গেছে, দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৩ দিন বন্ধ থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ছুটি ১ জুন থেকে শুরু হলেও ৩০ ও ৩১ মে সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মে ছিল শেষ ক্লাস। মাধ্যমিক বিদ্যালয়গুলোর ছুটি ১৯ জুন পর্যন্ত চলবে। ২০ জুন শুক্রবার এবং ২১ জুন শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২২ জুন রবিবার থেকে ক্লাস পুনরায় শুরু হবে।

‎এদিকে, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা এবার সবচেয়ে দীর্ঘ ২৫ দিনের ছুটি পাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদরাসার শিক্ষাপঞ্জি অনুসারে, তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সম্মিলিত ছুটি ১ জুন শুরু হয়ে ২৫ জুন পর্যন্ত চলবে। ২৬ জুন বৃহস্পতিবার থেকে ক্লাস পুনরায় শুরু হবে।

‎এছাড়া দেশের প্রি-ভোকেশনাল, প্রি-ভোকেশনাল (মাদরাসা) এবং এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) পর্যায়ের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি একসঙ্গে ১৯ দিন থাকছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত একটানা ছুটি থাকবে। ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ২২ জুন (রোববার) থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।

‎দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে মোট ২১ দিন বন্ধ থাকবে। এই ছুটি আগামী ৩ জুন থেকে শুরু হয়ে ২৩ জুন পর্যন্ত চলবে। ২৪ জুন মঙ্গলবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস পুনরায় শুরু হবে।

‎তবে, সরকারি-বেসরকারি কলেজগুলোতে শুধুমাত্র ঈদুল আজহার ছুটি থাকবে, গ্রীষ্মকালীন অবকাশের সঙ্গে এই ছুটি সংযুক্ত নয়। কলেজের শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি ৩ জুন থেকে শুরু হয়ে ১২ জুন পর্যন্ত চলবে।

‎সারাবাংলা/এনএল/এমপি