Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৭:৪০

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সংঘটিত গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৬ জুন তাদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অন্য দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১৬ জুন তাদের হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন আসামিরা হাজির না হলে সেদিন থেকেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার কার্যক্রম শুরু হবে। আর আসামিরা কেউ অনুপস্থিত না থাকলে আইন অনুযায়ী অনুপস্থিত হিসেবে ঘোষণা করার একটি প্রক্রিয়া থাকবে। সেদিন আদালত সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

এদিন দুপুর ১২টায় জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ জমা দেওয়া হয়।

সারাবাংলা/আরএম/এনজে