Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের কয়েক বিভাগে ভারী বর্ষণ ও ভূমিধসের সতর্কতা জারি

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৮:৫৭

বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার প্রভাবে আজ (রোববার) সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের কিছু বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এবং বিপদের আশঙ্কায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। পাহাড়ি এলাকাগুলোর বাসিন্দাদের ভূমিধস সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি নগরবাসীদের জলাবদ্ধতা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (১ জুন) সন্ধ্যায় আবহাওয়া অফিসের দেওয়া সতর্কবার্তা এ তথ্য জানানো হয়।

বিশেষত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কিছু অঞ্চলে এই পরিমাণ ৮৮ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

অতি ভারী বর্ষণের ফলে সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এসব এলাকায় বসবাসকারী জনগণকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়াও, ঢাকাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। এতে করে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে, বিশেষ করে অফিসগামী মানুষদের জন্য এটি ভোগান্তির কারণ হতে পারে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ