Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবাঞ্চিত ঘোষণার পর সেনা ও পুলিশ পাহারায় এনবিআরে ফিরলেন চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৯:১৮

এনবিআর চেয়ারম্যান রাজস্ব ভবনে প্রবেশ করার সময় সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তারা ছিলেন।

ঢাকা: অবাঞ্চিত ঘোষণার তিন দিন পর সেনা ও পুলিশ পাহারায় জাতীয় রাজস্ব ভবনে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

রোববার (১ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে প্রবেশ করেন তিনি। এর আগে দুপুর থেকেই প্রতিষ্ঠানটিতে পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ছিল। এনবিআর চেয়ারম্যানের রুমের সামনে পুলিশকে অবস্থান নিতে দেখা যায়। আর বিকেলে যখন এনবিআর চেয়ারম্যান রাজস্ব ভবনে প্রবেশ করেন তখন তার সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তারা ছিলেন।

জানা গেছে, এনবিআর চেয়ারম্যান যখন রাজস্ব ভবনে প্রবেশ করেন, তখন সেনাবাহিনীর তিনটি গাড়ি সেখানে দেখা যায়। পরে সেনাবাহিনীর কর্মকর্তারা এনবিআর চেয়ারম্যানের কার্যালয়ের সামনেও অবস্থান করে। তারও আগে থেকেই সেখানে পুলিশের কয়েকজন সদস্য অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনের সময় এনবিআর চেয়ারম্যানের সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দূরত্ব তৈরি হয়। অধ্যাদেশ বাতিল বা সংশোধনের পথে চেয়ারম্যান বাধা হয়ে দাঁড়ান এমন অভিযোগ তুলেন কর্মকর্তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কলমবিরতি ও কর্মবিরতি পালনের পর সরকারের টনক নড়ে। অবস্থান পালটে রাজস্ব অধ্যাদেশ সংস্কার করে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

বলা হয়, এখনই বিলুপ্ত হচ্ছে না এনবিআর। অংশীজনদের সঙ্গে আলোচনা করেই সংস্কার করা হবে। সরকারের সেই আশ্বাসে এনবিআরের কর্মকর্তার আন্দোলন প্রত্যাহার করলেও এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনঢ় থাকেন। চেয়ারম্যানকে অপসারণ না করায় তাকে এনবিআর ভবনে অবাঞ্চিত করার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অবশ্য এর আগে থেকেই চেয়রম্যানের সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার অসহযোগিতা চলে আসছিল।

আন্দোলনের সময় চেয়ারম্যানকে এনবিআর ভবনে দেখা যায়নি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব হিসেবে সেখানেই তিনি এতোদিন অফিস করে আসছিলেন বলে জানা গেছে। আর তখন থেকেই সাংবাদিকদের এড়িয়ে চলছেন চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বাজেটের দিন ঘনিয়ে আসায় তিনি মুঠোফোনে যোগাযোগ করে কাজ চালিয়ে এসেছেন। সবশেষ শুক্রবারও তার বাসায় বাজেটের কাজ চলেছে বলে এনবিআরের কর্মকর্তারা বলেছেন।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ