Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পল্লী বিদ্যুৎ কর্মচারীদের দাবি ন্যায্য: নাসীরউদ্দীন পাটোয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৯:৪৯

শহিদ মিনারে অবস্থান কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

ঢাকা: আন্দোলনরত পল্লী বিদ্যুৎ কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

রোববার (১ জুন) কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালনকালে সেখানে গিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা।

এ সময় নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, ‘ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো বৈষম্য মানা হবে না। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা মাঠে পরিশ্রম করে দেশের জনগণকে বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছে। তারা কোনো অন্যায্য দাবি নিয়ে আসেনি। মানবিক মর্যাদাপূর্ণ জীবনের জন্য আন্দোলন করছে। তারা মানুষের ভোগান্তি সৃষ্টি করে নাই, বিদ্যুৎ সেবা চালু রেখে সুশৃঙ্খলভাবে আন্দোলন করছে। পল্লী বিদ্যুৎ কর্মীরা অশান্ত হলে দেশে অন্ধকার নেমে আসবে। তাদের সে পথে ঠেলে দেবেন না।’

বিজ্ঞাপন

বিদ্যুৎ উপদেষ্টা বলেন, ‘অবিলম্বে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসুন এবং আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য দাবি মেনে নিন।’

পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন কর্মসূচিতে এনসিপির পূর্ণ সমর্থন জানিয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে। এই কাঠামো ভাঙতে সকলকে হাত লাগাতে হবে।’ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় রোববার নতুন কর্মসূচির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম।

দমন-পীড়ন বন্ধ, কর্মপরিবেশ অস্থিতিশীলকরার দায়ে আরইবি চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী। তাদের অভিযোগ, বিদ্যমান সংকট সমাধানে বিদ্যুৎ উপদেষ্টা ও বিদ্যুৎ বিভাগকে একাধিকবার অনুরোধ জানানো হলেও বিআরইবি’র প্ররোচনায় কর্ণপাত করছে না তারা। উল্টো তাদের বক্তব্য ও কর্মকাণ্ড পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তুলছে। সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ