Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৭ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে বৈঠক কাল / সরকারি চাকরিতে এনআইডি বাধ্যতামূলক করতে চায় ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ২১:২৫

জাতীয় পরিচয়পত্র। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: সরকারি চাকরির নিয়োগে জাতীয় পরিচয়পত্রকে (এনআইডি) বাধ্যতামূলক করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্যে ২৭ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সংস্থাটি।

সোমবার (২ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে বিকেল ৩টায় এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। রোববার (১ জুন) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেনের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

অফিস আদেশ উল্লেখ করা হয়েছে, সোমবার (২ জুন) বিকেল ৩টায় ইসির সিনিয়র সচিবের সভাপতিত্বে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

সভার আলোচ্য সূচিতে রাখা হয়েছে- এনআইডির তথ্যাদি আমলে নিয়ে চাকরিতে নিয়োগদান সংক্রান্ত। এনআইডির তথ্যাদি আমলে না নিয়ে চাকরিতে নিয়োগকৃত ব্যক্তিদের এনআইডি সংশোধনের ক্ষেত্রে করণীয় এবং বিবিধ।

ইসি কর্মকর্তা বলছেন, বর্তমানে অনেকেই এনআইডি সংশোধনের আবেদন করেন। যারা সরকারি চাকরি করলেও তথ্যের মিল নেই। এক্ষেত্রে সংশোধনের জন্য ব্যাপক জটিলতার সৃষ্টি হয়। অনেকে আবার জালিয়াতির আশ্রয়ও নেন। তাই পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে ওই বৈঠকের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, বৈঠকে প্রতিনিধি পাঠাতে এরই মধ্যে ২৭ মন্ত্রণালয় ও সংস্থাকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। যাদের চিঠি দেওয়া হয়েছে তারা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, গভর্নর, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সিনিয়র সচিব (জনপ্রশাসন মন্ত্রণালয়), সিনিয়র সচিব (জননিরাপত্তা বিভাগ/সুরক্ষা সেবা বিভাগ), সিনিয়র সচিব (নৌ পরিবহন মন্ত্রণালয়), সিনিয়র সচিব (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়), সচিব (প্রতিরক্ষা মন্ত্রণালয়), সচিব (স্থানীয় সরকার বিভাগ), সচিব (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), সচিব (পরিকল্পনা মন্ত্রণালয়), সচিব (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), সচিব (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), সচিব (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়), সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ), সচিব (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়), সচিব (বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), সচিব (রেলপথ মন্ত্রণালয়), সচিব (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়), সচিব (পানি সম্পদ মন্ত্রণালয়), সচিব (বস্ত্র ও পাট মন্ত্রণালয়), সচিব (শিল্প মন্ত্রণালয়), সচিব (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়), সচিব (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়), চেয়ারম্যান (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন), রেজিস্ট্রার জেনারেল (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) ও ব্যবস্থাপনা পরিচালক (বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন)।

সারাবাংলা/এনএল/পিটিএম