Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘অন্তর্বর্তী সরকার বিশেষ একটি দলের হয়ে কাজ করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ২২:২৯

ঢাকা: অন্তর্বর্তী সরকার বিশেষ একটি দলের হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।

রোববার (১ জুন) রাজধানীর কোতোয়ালির আমিনবাগ মাদরাসা ছাত্রদের মাঝে খাদ্য ও জায়নামাজ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

খন্দকার এনামুল হক এনাম বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার নবগঠিত বিশেষ একটি দলের পক্ষ হয়ে কাজ করছেন। আজকে ছোট ছোট বাচ্চাদের দিয়ে পার্টি বানিয়ে তাদের মাথায় হাত দিয়ে বলছেন- তোমরাই হবে বাংলাদেশের নেতা, তোমরাই উন্নত বাংলাদেশ চালাবে।’’

তিনি বলেন, ‘ছাত্ররা এখন ইউএনও অফিস, ডিসি অফিসসহ বিভিন্ন দফতরে গিয়ে বসে থাকে। সচিবালয়েও যায়। কীভাবে ডিসিকে বদলি করা যায়, কীভাবে কাজ নেওয়া যায়, প্লট নেওয়া যায়—- এসব হিসাব করে। আমাদের দেশের তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের ভেতর লোভ-লালসা সৃষ্টি হচ্ছে।’

বিজ্ঞাপন

এনাম বলেন, ‘অন্তবর্তী সংস্কার গত সাড়ে ৯ মাসে যা করা হয়েছে, তাতে দেশের মানুষ আশাহত হয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাস্তবমুখী অভিজ্ঞতার অভাবে কোনো অগ্রগতি হচ্ছে না।’

তিনি বলেন, ‘দেশে যদি একটি নির্বাচিত সরকার থাকত তাহলে এই দায় এড়াতে পারত না। কেবল জনগণের স্বার্থেই বিএনপি নির্বাচন চায়।’

এসময় যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক শাহ মাসুম বিল্লাহসহ পল্টন ও কোতোয়ালি থানা যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/এসআর