Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের পুশইন চলছে: রাশেদ প্রধান

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ২২:৪৯

জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান

ঢাকা: বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের পুশইন, সীমান্ত হত্যা ও সীমান্ত দখল চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান ।

রোববার (১ জুন) দুপুরে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৬তম মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে জাগপা আয়োজিত “একটি কলমের ইতিহাস” শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন।

রাশেদ প্রধান বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লির প্রেসক্রিপশনে ফ্যাসিস্ট শেখ হাসিনার হুকুমে জামায়াত এবং জাগপার নিবন্ধন বাতিল করা হয়েছিল। দিল্লির সেবাদাস হাসিনামুক্ত বাংলাদেশে মহামান্য আদালতের আদেশে জাগপার পর জামায়াতের নিবন্ধন ফিরে এসেছে। জামায়াত তার রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। নির্যাতিত মজলুম সংগঠন জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ায় গণতন্ত্রের বিজয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের পুশইন, সীমান্ত হত্যা, সীমান্ত দখল চলছে। আকাশসীমা লঙ্ঘন করে ভারত ড্রোন পাঠাচ্ছে, “র” এর ট্রেইনিংপ্রাপ্ত কিলার পাঠাচ্ছে। জাগপা এবং জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া, শেখ হাসিনার গদি হারিয়ে দিশেহারা ভারতের গালে চপেটাঘাত।

এসময় মানিক মিয়া স্মরণে রাশেদ প্রধান বলেন, কারানির্যাতিত সাংবাদিক ও রাজনীতিক মানিক মিয়া ষাটের দশকে আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলন করেছেন। শুধুমাত্র শেখ মুজিবের কৃতিত্ব হিসেবে প্রচার করা হলেও ছয় দফার আন্দোলনকে গণআন্দোলনে রূপ দেওয়ার পেছনে মানিক মিয়া ছিলেন অন্যতম পৃষ্ঠপোষক। ১৯৬৪ সালে কাশ্মীরে সৃষ্ট দাঙ্গা ঢাকায় ছড়িয়ে পড়লে তা প্রতিরোধে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষন ও নির্যাতনের বিরুদ্ধে মানিক মিয়ার ছদ্মনাম মোসাফির এর লেখনি ও তার পত্রিকা ইত্তেফাকের ভূমিকা অবিস্মরণীয়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রওশন আলম, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো