Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাওনা টাকা চাইতে গিয়ে খালাতো ভাইয়ের হাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ০২:৫৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পাওনা টাকা চাওয়ায় খালাতো ভাইয়ের হাতে ইয়াসিন (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।

রোববার (১ জুন) রাত ১১টার দিকে কাজলা স্বপ্ন মার্কেটের মায়ের দোয়া হোটেলের সামনে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত ইয়াসিনের স্ত্রী শারমিন আক্তার জানান, তাদের বাসা কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায়। ইয়াসিনের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাগাদি গ্রামে। বাবার নাম আবুল বাশার। স্বপ্ন মার্কেটে মায়ের দোয়া নামে একটি হোটেল ব্যবসা ছিল ইয়াসিনের।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কয়েক মাস আগে খালাতো ভাই আলামিনের কাছে ২ লাখ ৭০ হাজার টাকায় হোটেলটি বিক্রি করে দেয়। সব টাকা পরিশোধ করলেও ১০ হাজার টাকা পাওনা ছিল। রাতে হোটেলের সামনে আলামিনের কাছে পাওনা টাকা চাইতে যায় ইয়াসিন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলআমিন হোটেল থেকে বটি নিয়ে এসে ইয়াসিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। খবর পেয়ে ইয়াসিনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। এ ঘটনায় আলামিনের স্ত্রী নাজু, শ্যালক হারুন ও আরও একজন জড়িত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে ওই যুবককে স্বজনরা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে যাত্রাাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, যাত্রাবাড়ী কাজলা এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় আলামিন নামে এক যুবককে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো