Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এক মাসের মধ্যে সংস্কার, ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ২২:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এমন কোনো সংস্কার নেই যেগুলো একমাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা খুবই সম্ভব। এর আগে যে সব সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলো চিহ্নিত করে ঐকমত্যের মাধ্যমে সংস্কারগুলো বাস্তবায়ন করা যায়।

সোমবার (২ মে) সন্ধ্যায় বেইলি রোডে ফরেনসার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে নেতৃত্ব দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সংবিধান সংশোধন ছাড়া কিছু কিছু সংস্কার অফিস আদেশের মাধ্যমে, অর্ডিন্যান্স কিংবা নির্বাহী আদেশের মাধ্যমেও বাস্তবায়ন করা সম্ভব। সংবিধান সংক্রান্ত যে সমস্ত প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে, তাতে একটা সনদে আসা সম্ভব। কিছু কিছু বিষয়ে অবশ্যই দ্বিমত থাকবে। সবগুলো দল সব বিষয়ে একমত হবে— এমনটা আমরা আশা করি না। তবে, যেগুলো ঐকমত্যে আমরা আসতে পারব, সেই বিষয়গুলো আগামী জাতীয় সংসদে সংশোধন হবে।’

‘তার আগে ঐকমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হলেই যথেষ্ট। সেটা আমাদের নির্বাচনি ইশতেহারেও আসবে। জাতির কাছে অঙ্গীকার হিসেবেও থাকবে’— বলেন সালাহউদ্দিন আহমেদ।

বৈঠকে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।

সারাবাংলা/এজেড/পিটিএম