বাগেরহাট: বাগেরহাটের মোংলায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬), সদর কোম্পানি। একইসঙ্গে মাদক পরিবহণে ব্যবহৃত যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ-মোংলাগামী পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোড়েলগঞ্জের ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে মো. ইব্রাহিম (২৩), রংপুর সদরের বৈকুণ্ঠপুরের ওয়ারিসুল হকের ছেলে পারভেজ আহম্মেদ (২৫), কোতোয়ালি এলাকার বেলুবালারহাটের জাহাঙ্গীর আলমের ছেলে আমিনুর রহমান (৩২) এবং বৈকুণ্ঠপুর এলাকার লিজু মিয়ার ছেলে নূর আমিন (২৮)।
এসআরবি-৬ (খুলনা)-এর উপপরিচালক সৈয়দ ফজলুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ (খুলনা)-এর সদর কোম্পানির একটি চৌকস দল ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। মোড়েলগঞ্জ থেকে মোংলাগামী বাসটি পৌঁছালে সেটিতে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।’
তিনি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ব্যবহৃত বাসটি উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।