Saturday 21 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলে জরুরি সরকার গঠনের ঘোষণা আইজেনকটের

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৬ ২৩:৫৫

গাদি আইজেনকট।

ইসরায়েলে জরুরি সরকার গঠনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। বৃহত্তর জোট সরকার গঠনের চেষ্টা সফল না হলে আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনা রয়েছে তার।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, আগামী ৬ ডিসেম্বরের আগেই নতুন সরকার গঠনের প্রস্তাব পার্লামেন্টে উপস্থাপনের লক্ষ্য রয়েছে তার। এদিকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক অস্থিরতা কাটাতে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। টাইম অব ইসরায়েলের খবর।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আইজেনকটের জোট ৪৮টি আসন পায়। নেতানিয়াহুর জোট পায় ৫৩টি এবং আরব দলগুলো অর্জন করে ১৯টি আসন।

বিজ্ঞাপন

তবে আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের উদ্যোগে আইজেনকটের জোটের মধ্যেই মতবিরোধ রয়েছে। জোটের শরিক ইসরায়েল বেইতেইনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান এমন সরকারের পক্ষে ভোট না দেওয়ার ঘোষণা দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও সংখ্যালঘু সরকারের পরিবর্তে আইজেনকটের নেতৃত্বে বৃহত্তর ঐক্যের সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন।

আইজেনকটের মতে, এখন আইনপ্রণেতাদের সামনে দুটি পথ খোলা নতুন সরকার গঠন করা অথবা দেশকে আরেকটি নির্বাচনের দিকে নিয়ে যাওয়া।

অন্যদিকে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের বিরোধিতা করেছেন নেতানিয়াহু। তার দাবি, এ ধরনের উদ্যোগ ইসরায়েলের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

এর জবাবে আইজেনকট অভিযোগ করেছেন, রাজনৈতিক স্বার্থে ইরানকে ঘিরে উত্তেজনা কাজে লাগাচ্ছেন নেতানিয়াহু। একই সঙ্গে আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে পরিস্থিতি আরও জটিল করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তবে সরকার গঠনের লক্ষ্যে হারেদি ও লিকুদ পার্টির সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছেন আইজেনকট।