Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছিঁড়ে যাওয়া রশির আঘাতে ট্রলার থেকে নদীতে পড়ে ২ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৬:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় থাকা মাছ ধরার একটি ট্রলার থেকে নদীতে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। নৌ পুলিশ জানিয়েছে, ট্রলারের রশি ছিঁড়ে সেটির আঘাতে নদীতে পড়ে দু’জনের মৃত্যু হয়।

সোমবার (৩ জুন) রাতে নগরীর সদরঘাট এলাকায় এফভি সীহার্ট-১ নামে একটি ট্রলারে এ দুর্ঘটনা ঘটে বলে নৌ পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- মো. আলতাফ হোসেন (৪৫) ও মো. নুর উদ্দিন (২৫)। তাদের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়।

পুলিশের তথ্যানুযায়ী, নিহত আলতাফ ট্রলারটিতে সুকানি এবং নুর উদ্দিন বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।

নৌ পুলিশের চট্টগ্রামের সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘সীহার্ট ট্রলারটি রশি বেঁধে আরেকটি বিকল ট্রলারকে নদীর তীরের দিকে টেনে নিয়ে আসছিল। তীরের প্রায় কাছাকাছি আসার পর হঠাৎ বিকল ট্রলারটির রশি ছিঁড়ে যায়। মোটা রশি তীব্র গতিতে গিয়ে আঘাত করে ট্রলারের ওপরের পাটাতনে থাকা দু’জনকে। তখন তারা নদীতে পড়ে যান। তীরের কাছাকাছি হওয়ায় পানি কম ছিল। ট্রলারের অন্যান্যরা তাদের উদ্ধার করেন, তবে ততক্ষণে তারা মারা যান।’

বিজ্ঞাপন

রাতেই নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি নিজাম উদ্দিন।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো