Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রথমবারের মতো আইপিএলে হেড কোচের দায়িত্ব পেলেন গাঙ্গুলী

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৬ ১৬:৩৭ | আপডেট: ৬ অক্টোবর ২০২৬ ১৬:৩৯

আইপিএলের পরবর্তী মৌসুমে দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে সৌরভ গাঙ্গুলীকে দেখা যাবে নতুন এক ভূমিকায়। ভারতের সাবেক সফল অধিনায়ককে ২০২৭ আইপিএলের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে কোনো দলের হেড কোচ হিসেবে এটাই গাঙ্গুলীর প্রথম দায়িত্ব।

দিল্লির সঙ্গে গাঙ্গুলীর সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৯ সালে উপদেষ্টা হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত হওয়ার পর বিভিন্ন সময়ে ডিরেক্টর অব ক্রিকেটসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির পুরুষ ও নারী—দুই দলের ক্রিকেট কাঠামোর সঙ্গেও কাজ করেছেন। এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগিয়ে সরাসরি ডাগআউটের নেতৃত্ব দেবেন তিনি।

বিজ্ঞাপন

গত দুই মৌসুমে আইপিএলে বড় ধাক্কা খেয়েছে দিল্লি। ২০২৬ আইপিএলে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করেছে দলটি। এর আগে ২০২৫ সালেও শেষ চারে জায়গা হয়নি। এমন ব্যর্থতার ফলে নতুন মৌসুমের আগে কোচিং কাঠামোতেই বড় পরিবর্তনের পথে হাঁটল ফ্র্যাঞ্চাইজি। হেমাং বাদানির জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে গাঙ্গুবকে।

দায়িত্ব পেয়ে দিল্লির প্রকাশ করা ভিডিওতে সাবেক ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘আপনি ভাবতে পারেন, একটা সময় অনেক কিছু করা, দেখা ও অর্জনের পর সাইডলাইনে বসে দেখা, পথ দেখানো এবং বিশ্বাস রাখাই যথেষ্ট। অন্তত আমি সেটাই ভেবেছিলাম। কিন্তু মাঝেমধ্যে কিছু একটা আপনাকে মনে করিয়ে দেয়, কেন শুরু করেছিলেন। আমার জন্য এই দলটি সেটাই করেছে। দিল্লি নিজেদের সময়ের অপেক্ষায় ছিল। এবার দিল্লির সময়। টাইগার ইজ ব্যাক।’

গাঙ্গুলীর আরও বলেন , ‘আইপিএলে হেড কোচের দায়িত্ব নিতে আমি মুখিয়ে আছি। দিল্লি ক্যাপিটালস আমার হৃদয়ের খুব কাছের একটি ফ্র্যাঞ্চাইজি। বছরের পর বছর ধরে মালিক, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তাই এই দায়িত্ব আমার জন্য বিশেষ। আমাদের দলে প্রতিভাবান খেলোয়াড় আছে এবং সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলেছে। নতুন মৌসুমে দলটির সঙ্গে কাজ করে শক্তিশালী ও নির্ভীক একটি দল গড়ে তুলতে চাই।’

ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান ও সহ-মালিক পার্থ জিন্দাল গাঙ্গুলীর নিয়োগকে বড় সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘দাদা সবসময়ই দিল্লি ক্যাপিটালস পরিবারের অবিচ্ছেদ্য অংশ। ভারতের অন্যতম সেরা অধিনায়ক ও প্রশাসক এবার দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন, এটা ঘোষণা করতে পেরে আমি গর্বিত ও সম্মানিত। তার নেতৃত্বে দিল্লি আইপিএল শিরোপার জন্য লড়তে সর্বোচ্চ প্রস্তুতি নেবে বলে আমি নিশ্চিত।’

গাঙ্গুলীর সঙ্গে পুরো কোচিং স্টাফই ঢেলে সাজাচ্ছে দিল্লি। সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংকে ব্যাটিং কোচ, শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্দা ভাসকে পেস বোলিং কোচ এবং সাবেক ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্রকে স্পিন বোলিং কোচ হিসেবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজির আনুষ্ঠানিক ঘোষণায় এখন পর্যন্ত গাঙ্গুলীর নিয়োগই নিশ্চিত করা হয়েছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর