Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অনিয়ম দুর্নীতির তথ্য চেয়েছে আইসিটি শ্বেতপত্র প্রণয়ণ কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ২০:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিগত আওয়ামী সরকারের আমলে দেশের তথ্য প্রযুক্তি খাতে হওয়া অনিয়ম ও দুর্নীতির তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে আইসিটি শ্বেতপত্র প্রণয়ণ কমিটি।

মঙ্গলবার (৩ জুন) ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ২০২৫ সালের ১৭ এপ্রিল আইসিটি বিভাগের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন খ্যাতিমান উন্নয়ন অর্থনীতিবিদ প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ। এই টাস্কফোর্সের মূল উদ্দেশ্য হলো ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইসিটিখাতে অনিয়ম এবং অপব্যবস্থাপনার তদন্ত ও গবেষণাপূর্বক আইসিটি শ্বেতপত্র প্রণয়ন করা।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাস্কফোর্স ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে এবং কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ বৈঠকে শ্বেতপত্র প্রণয়নে নাগরিক ও বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরই প্রেক্ষাপটে, কমিটি দেশবাসীর কাছে তথ্য চেয়ে সহযোগিতা কামনা করেছে যাতে একটি তথ্যভিত্তিক ও পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা যায়। যদি কারও নিকট আইসিটিখাত সংশ্লিষ্ট কোনো দুর্নীতি বা অনিয়ম সম্পর্কে তথ্য থাকে তাহলে নিচের চ্যানেলগুলো ব্যবহার করে তাদের তথ্য, মতামত ও প্রস্তাবনা দিতে পারবেন। পাশাপাশি সকল প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের ধাপে আইনি ব্যত্যয় বা অনিয়মের প্রমাণ যেমন টেন্ডার প্রক্রিয়ায় কারসাজি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্প স্থান নির্ধারণ ইত্যাদি সম্পর্কেও তথ্য দেয়া যাবে।

তথ্য পাঠানো যাবে [email protected] মেইলে, www.facebook.com/ictwhitepaperbd2025 ফেসবুক ঠিকানা ও লিংকডইন: www.linkedin.com/company/ictwhitepaperbd2025 ঠিকানায় অনলাইনে তথ্য পাঠানো যাবে।

এছাড়া টাক্সফোর্স প্রধান, রুম ৭০৭, ৭ম তলা, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা ১২০৭ এ সরাসরি তথ্য জমা দেয়া যাবে পাশাপাশি ভবনের নিচ তলায় একটি পরামর্শ বাক্স স্থাপন করা হয়েছে। কমিটি প্রাপ্ত তথ্য যথাযথ গোপনীয়তা ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

সারাবাংলা/ইএইচটি/আরএস