Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৬ ১৭:৪০

আহত দুই কর্মকর্তা।

নওগাঁ: নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই কর্মকর্তা হলেন আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।

আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুরের আগে তারা সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। এর সঙ্গে নিজের আরও ৪ লাখ টাকা যোগ করে মোট ৩৪ লাখ টাকা নিয়ে দুই কর্মকর্তা মোটরসাইকেলে করে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুরে ফিরছিলেন।

বিজ্ঞাপন

ফিরোজ হোসেন জানান, দুপুর নাগাদ তারা আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দু’টি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত চার ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা লোহার রড দিয়ে ব্যাংক কর্মকর্তাদের এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে এবং তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মণ্ডল বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশি অভিযান চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর