Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রায়ত্ত ময়মনসিংহ জুট মিলের ১৭ একর জমি বিক্রির সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৪:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দীর্ঘদিন পর আবারও রাষ্ট্রায়ত্ত মিলের জমি বিক্রির উদ্যোগ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) এর আওতাধীন ‘ময়মনসিংহ জুট মিল লিমিটেড’ এর মালিকানাধীন প্রায় ১৭ একর জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (০৪ জুন) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।

প্রস্তাব অনুযায়ী, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চর ঈশ্বরদিয়া মৌজায় অবস্থিত বিজেএমসি’র আওতাধীন ‘ময়মনসিংহ জুট মিল লিমিটেড’-এর মালিকানাধীন ১৬ দশমিক ৮৯ একর জমি বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

এছাড়া বিজিএমসি’র আওতাধীন ‘লতিফ বাওয়ানী জুট মিল লিমিটেড’-এর প্রায় সাড়ে ৬ একর (৬.৪৮৫ একর) জমি বিক্রির আরেকটি পৃথক প্রস্তাবও সভার আলোচ্যসূচিতে ছিল। কিন্তু মন্ত্রণালয় এ প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছে বলে বৈঠক সূত্রে জানা যায়।

জানা যায়, ইতোপূর্বে বিগত সরকারের আমলেও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলের জমি বিক্রির লক্ষ্যে একাধিকবার উদ্যোগ নিয়েছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। কিন্তু সে সময় গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি এসব জমি বিক্রি না করে সেগুলোর লীজ দেওয়ার সুপারিশ করেছিল।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে আরও দুটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে- জি-টু-জি ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের ‘ওকিউ ট্রেডিং লিমিটেড’ থেকে স্বল্প মেয়াদে (২০২৫ ও ২০২৬ সালে) ‘জাপান-কোরিয়া মার্কার ফর্মূলা’ ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি ক্রয়ের একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অপরটি হচ্ছে- নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিহন কর্তৃপক্ষ-এর উদ্ধরকারী জাহাজ ‘প্রত্যয়’-এর ডকিং ও ডকিং সংশ্লিষ্ট মেরামতের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরএস