ঢাকা: দেশের ধর্মীয় উপাসনালয়গুলোতে বিদ্যুৎ ব্যবহারের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের জোর সুপারিশ করেছে জাতীয় সংসদীয় কমিটি।
একই সঙ্গে সরকারি খরচে হজ পালনের স্বচ্ছতা নিশ্চিত করতে নীতিমালার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন ধরে কর্মরত চিকিৎসকদের দ্রুত বদলি করার তাগিদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠকে এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সুপারিশ গৃহীত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। সভার প্রথম পর্যায়ে কমিটির সদস্যবৃন্দের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পরিচিতি পর্ব সম্পন্ন হয়।
কার্যক্রমের অংশ হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দফতর এবং ধর্মীয় কল্যাণ ট্রাস্টগুলোর সামগ্রিক কাজের বিবরণ উপস্থাপন করা হয়। এসব সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি, জনবল কাঠামো, বাজেট বরাদ্দ এবং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কমিটির সামনে তুলে ধরা হয়। উপস্থাপিত সার্বিক বিষয়ের ওপর বিশদ আলোচনায় অংশ নেন কমিটির উপস্থিত সদস্যরা।
বিশেষ করে দেশের মসজিদগুলোতে সৌর বিদ্যুতের সুষম ব্যবহার বৃদ্ধি করা, সরকারি অনুদানে হজের বিষয়টি সুশৃঙ্খল করা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসা কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, মো. জাহিদুর রহমান এমপি, নুরুল আমিন এমপি, সূবর্না সিকদার এমপি, মো. নুরুল আমীন এমপি, মোহাম্মদ আবুল হাসান এমপি এবং মুহাম্মাদ আব্দুল খালেক এমপি।
এছাড়া সংশ্লিষ্ট দফতর, অধিদফতর, সংস্থা ও ট্রাস্টের প্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।