বাল্টিক সাগরে রাশিয়ার পণ্যবাহী একটি জাহাজে ড্রোন হামলার কয়েক ঘণ্টার মধ্যে এবার লিবিয়ার বেনগাজি নৌঘাঁটির বন্দরে অবস্থানরত আরও একটি রুশ জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্দেহ করা হচ্ছে, এই বিস্ফোরণও ড্রোন হামলার কারণেই ঘটেছে।
রোববার (২২ নভেম্বর) জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম নেওয়ার জন্য বন্দরে থামার সময় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসব তথ্য জানিয়েছে।
পূর্বাঞ্চলভিত্তিক গভর্নমেন্ট অব ন্যাশনাল স্ট্যাবিলিটি (জিএনএস) জানিয়েছে, জাহাজটি রাশিয়ায় ফেরার পথে বেনগাজি বন্দরে অবস্থান করছিল। বিদ্যমান একটি সামুদ্রিক চুক্তির আওতায় জাহাজটিকে বন্দরে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছিল। বিস্ফোরণের পর ঘটনাস্থল নিরাপদ করা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। তবে এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিবিসি ভেরিফাইয়ের পর্যালোচনা করা প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গ্রিনিচ মান সময় ভোর ৫টা ৪৭ মিনিটে বেনগাজি বন্দরে একটি জাহাজে আগুন জ্বলছে। কয়েক ঘণ্টা পর ধারণ করা আরও একটি ছবিতে একই জাহাজকে আংশিক ডুবে থাকতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ও বিবিসি ভেরিফাইয়ের মাধ্যমে স্থান শনাক্ত করা ভিডিওতেও অন্ধকারের মধ্যে জাহাজটিতে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
জিএনএস জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হামলার উৎস ও এর জন্য কারা দায়ী, তা নির্ধারণে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় চলছে। একই সঙ্গে তারা বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা দেশের বাইরের অন্য কোনো সংঘাতে লিবিয়া কোনো পক্ষ নয়।
এর কয়েক ঘণ্টা আগেই বাল্টিক সাগরে রাশিয়ার আরও একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজটি রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত। পরে জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে পড়ে। ফিনল্যান্ড বলছে, হামলাটি সম্ভবত ইউক্রেন চালিয়েছে।
স্পার্টা-২ নামের জাহাজটির ১৬ নাবিক প্রথমে লাইফবোটে ও পরে কাছের একটি রুশ জাহাজে ওঠেন। তারা এখন রাশিয়ায় ফিরছেন।