Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

মো. মহসিন হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ২৩:১৭

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি।

ঢাকা: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ও বিভিন্ন স্থানে সহিংসতার অভিযোগের প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা এবং দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসবেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগের লক্ষ্য, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোসহ সরকার ও বিরোধী শিবিরের মধ্যে একটি অভিন্ন অবস্থান তৈরি করা। বিশেষ করে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সম্মিলিত রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও মতবিনিময় করবেন দলগুলোর নেতারা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সোমবার এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী জোটের অন্যান্য দল এবং জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করবেন প্রধানমন্ত্রী। এনসিপির পর বৈঠক হবে প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীর সঙ্গে। দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমানে অষ্ট্রেলিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তিনি দেশে ফেরার পর জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের তারিখ নির্ধারণ হবে বলে সূত্র জানিয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের বিষয়ে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ অবস্থান তৈরির সম্ভাবনা নিয়ে সেখানে আলোচনা হয়। পরে সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় যেভাবে বিভিন্ন রাজনৈতিক শক্তি এক হয়েছিল, দেশের বর্তমান পরিস্থিতিতেও সেভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী সংসদ ও সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকে একই মঞ্চে আসার আহ্বান জানান। তার বক্তব্যে স্পষ্ট হয়, দেশের স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় নিরাপত্তা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষার প্রশ্নে দলগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। অন্যদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও গণভোটের রায় বাস্তবায়ন এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন।

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এনসিপি সোমবারের বৈঠকে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিতে পারে। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণভোটের রায়, আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকটের বিষয়গুলোও গুরুত্ব পেতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই সংলাপ উদ্যোগ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের তৎপরতা ও সহিংসতা কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিন্ন অবস্থান তৈরি করা গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তা ভূমিকা রাখতে পারে। তবে জাতীয় ঐক্যের উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে দলগুলোর পারস্পরিক আস্থা, আলোচনার বিষয়বস্তু এবং বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।

সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ কেবল আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক অবস্থান তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে বৃহত্তর সমঝোতার পথও তৈরি করবে—এখন সেটিই দেখার বিষয়।

এ বিষয়ে রোববার (২২ নভেম্বর) বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, জাতীয় ঐক্যের সুস্পষ্ট ভিত্তি থাকতে হবে অঙ্গীকার থাকতে হবে। বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছে তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমেই জাতীয় ঐকমত্য শুরু করতে হবে, যাতে আমরা আস্বস্ত হই, সেটার প্রধান ধাপ হচ্ছে সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের জায়গা থেকে সাজেশন (পরামর্শ) দিয়ে আসব। বর্তমান পরিস্থিতিতে সরকারের কি করণীয়। আমরা মূলত সরকারের কথা শুনতেই আগামীকাল যাব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর