Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাবাংলায় প্রতিবেদন / সিলেট বিআরটিসির ইউনিট প্রধানকে বদলি, বহাল তবিয়তে কোর্স ইনচার্জ

জুলফিকার তাজুল, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ২১:৪১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ২১:৪৫

সিলেট বিআরটিসির ইউনিট প্রধান মো. রোকনুজ্জামান ও কোর্স ইনচার্জ মাহবুব রহমান। ছবি কোলাজ: সারাবাংলা

সিলেট: সরকারি অর্থায়নে ও বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত সম্পূর্ণ বিনামূল্যের ‘মোটরযান ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ’ কোর্সে নজিরবিহীন ঘুষ বাণিজ্য, ভুয়া ডাক্তার সেজে স্বাস্থ্য সনদ জালিয়াতি এবং সরকারি ভাতা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার পর অবশেষে শাস্তিমূলক প্রশাসনিক পদক্ষেপের মুখে পড়লেন সিলেট বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ইউনিট প্রধান মো. রোকনুজ্জামান। জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদনে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ সব চিত্র উঠে আসার পর পরই তাকে সিলেট থেকে প্রত্যাহার করে ঢাকায় প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জেনারেল ম্যানেজার (প্রশা. ও পার্সো.) এবং সরকারের উপসচিব দীনেশ সরকারের সই করা এক অফিস আদেশে এই বদলির নির্দেশ জারি করা হয়।

বিআরটিসির জারি করা ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, করপোরেশনের প্রশাসনিক কাজের সুবিধার্থে ও জনস্বার্থে সিলেট বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ইউনিট প্রধান ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রোকনুজ্জামানকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে বিআরটিসির প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, বর্ণিত কর্মকর্তা তার কর্মকালীন নিজ ডিপো ও ইউনিটের যাবতীয় বেতন-ভাতাদি, দায়-দেনা এবং বকেয়া রাজস্ব (যদি থাকে) সম্পূর্ণ পরিশোধ ও জমা দিয়ে ১ ডিসেম্বরের মধ্যে দায়িত্বভার যথাযথভাবে হস্তান্তর করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেবেন।

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুরে অবস্থিত বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি খরচে দরিদ্র ও বেকার যুবকদের দক্ষ চালক হিসেবে গড়ে তোলার প্রকল্পে দীর্ঘদিন ধরে চলছিল এক অঘোষিত হরিলুট। এ নিয়ে গত ২৬ সেপ্টেম্বর ‘সারাবাংলা ডটনেট’-এ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে তুলে ধরা হয় কীভাবে বিনামূল্যের এই চার মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সকে অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত করা হয়েছিল।

অভিযোগ ছিল, কোর্স ইনচার্জ মাহবুব রহমানসহ ডিপোর একটি অসাধু চক্র প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার নাম করে জনপ্রতি ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত বাধ্যতামূলক ঘুষ আদায় করতেন।

এখানেই শেষ নয়; জালিয়াতির চূড়ান্ত সীমা ছাড়িয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের নাম ও পদবি ব্যবহার করে নকল সিল বানিয়ে ডিপোর ভেতরে বসেই ‘ভুয়া ডাক্তার’ সেজে প্রশিক্ষণার্থীদের স্বাস্থ্য সনদ (মেডিকেল সার্টিফিকেট) দেওয়া হতো।

এ ছাড়া, প্রশিক্ষণ গাড়ির জ্বালানি তেল আত্মসাৎ এবং মৃত কিংবা অনুপস্থিত ব্যক্তিদের নামে ভুয়া হাজিরা দেখিয়ে সরকারি দৈনিক ভাতার লাখ লাখ টাকা লোপাট করার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ওই প্রতিবেদনে। সংবাদ প্রকাশের ঠিক ২৪ ঘণ্টার মাথায়, ২৭ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক অফিস আদেশে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন।

স্থানীয় সরকারের উপ-পরিচালককে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয় দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরকে (এনডিসি)। কমিটিকে সরেজমিনে আলমপুর ডিপোতে গিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের গঠিত ওই তদন্ত কমিটি আলমপুর প্রশিক্ষণ কেন্দ্রে সরেজমিন তদন্ত ও ভুক্তভোগী প্রশিক্ষণার্থীদের সাক্ষ্য গ্রহণ করে। তদন্তে গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতি, অনিয়ম ও সনদ জালিয়াতির অধিকাংশ অভিযোগেরই সুস্পষ্ট সত্যতা খুঁজে পায় কমিটি। পরবর্তী সময়ে তদন্ত কমিটি দায়িত্বশীল কর্মকর্তাদের গাফিলতি ও অনিয়মের বিষয়টি উল্লেখ করে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।

তদন্ত কমিটির সেই সুপারিশের পরিপ্রেক্ষিতেই অবশেষে ইউনিট প্রধান মো. রোকনুজ্জামানকে সিলেট থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিআরটিসি কর্তৃপক্ষ। তবে ভুক্তভোগীদের দাবি, কেবল বদলিই যেন এই ভয়াবহ দুর্নীতির শেষ পরিণতি না হয়। সরকারি অর্থ আত্মসাৎ, চিকিৎসকের সিল জালিয়াতি এবং দরিদ্র প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ঘুষ আদায়ের মতো ফৌজদারি অপরাধের সঙ্গে সরাসরি জড়িত কোর্স ইনচার্জ মাহবুব রহমানসহ পুরো সিন্ডিকেটের বিরুদ্ধে বিভাগীয় মামলার পাশাপাশি কঠোর আইনগত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে বদলি হয়ে অন্য কর্মস্থলে গিয়েও এই অসাধু চক্র পুনরায় একই ধরনের অনিয়মে জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর