ঢাকা: জাতীয় ঐকমত্যের কথা বলে সরকার শুধু আগামী ডিসেম্বরে আওয়ামী লীগকে ঠেকানোর লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া উচিত। এর মাধ্যমে সরকার যে প্রকৃত অর্থেই জাতীয় ঐকমত্য চায়, সে বিষয়ে জনগণ ও রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা যাবে।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার নিশ্চিত করা, আসন্ন গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করাসহ দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব বিষয়ে বিএনপি সরকার অঙ্গীকার করলে তবেই জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব।
নাহিদ ইসলাম আরও বলেন, জানুয়ারি মাসে সরকার আবারও একদলীয় কমিটির মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করে ফেলবে। এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।
আওয়ামী লীগসহ পতিত রাজনৈতিক শক্তিকে মোকাবিলার বিষয়ে তিনি বলেন, শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করলেই হবে না। জুলাই গণঅভ্যুত্থানে জনগণ, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন শক্তির মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যই ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে সক্ষম।
বিমানবন্দরে এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।