Sunday 22 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণভোটে ৭০ ভাগ মানুষের রায় কার্যকর করতে হবে: এটিএম আজহার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৬ ২০:২৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ২০:২৯

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই। আর জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ৭০ ভাগ মানুষের দেওয়া রায় কার্যকর করতে হবে। অন্যথায় দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না।

তিনি বলেন, সংবিধান সংস্কার না হলে আওয়ামী লীগ দলীয় নামে না এলেও আওয়ামী চরিত্রের দল ক্ষমতায় আসার সুযোগ পাবে। তারা আবার ফ্যাসিবাদী হওয়ার সুযোগ পাবে। আমরা তা হতে দিতে পারি না। এ পথ বন্ধ করতেই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছি।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জরুরি জেলা ও মহানগরী আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশ ও জাতির স্বার্থে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে ছিল। বর্তমান পরিস্থিতিতে পলাতক ফ্যাসিস্টরা জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর জন্য একমাত্র সরকার দায়ী। দেশ, সীমান্ত এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার সেই দায়িত্ব পালন করতে পারছে না। বরং কোথাও কোথাও সরকার উসকানি দিচ্ছে। কার স্বার্থে, কাদের খুশি করতে এই উসকানি দেওয়া হচ্ছে, তা জাতি জানতে চায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। জনগণ শক্ত হয়ে দাঁড়ালে আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না। অনেকে পালিয়ে গেছে, বাকিরাও পালানোর জায়গা পাবে না। সরকারকে সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করতে হবে। জনগণের ক্ষতি যেন না হয়, সে জন্য দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী মাঠে-ময়দানে থাকবে। একই সঙ্গে জনগণের দাবি সরকারকে মেনে নিতে হবে।

নির্বাচন ও গণভোট প্রসঙ্গে আজহারুল ইসলাম বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণ দুটি ভোট দিয়েছে। একটি সরকার গঠনের জন্য, অন্যটি সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট। নির্বাচিত হয়ে জামায়াতের সংসদ সদস্যরা জাতীয় সংসদে গিয়ে দুটি শপথ নিয়েছেন। একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি একটি শপথ নিলেও গণপরিষদের শপথ নেয়নি। এর মাধ্যমে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এখনো সুযোগ রয়েছে। বিএনপির প্রতি আহ্বান জানাব, তারা যেন সংবিধান সংস্কারের শপথ নেয় এবং সংবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। আমাদের ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও চব্বিশের চেতনা। এর বাইরে গিয়ে জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে প্রতারণা করতে পারবে না। জনগণের কাছে দেওয়া ওয়াদা তারা ভঙ্গ করবেন না।

সরকারের উদ্দেশে আজহারুল ইসলাম বলেন, সরকার যদি দেশ ও জাতির নিরাপত্তা বিঘ্নিত করে, তাহলে জনগণ তা মেনে নেবে না। আমরা জনগণের পাশে দাঁড়াব। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই দেশের ঐক্য গড়ে উঠবে। যেকোনো ধরনের আঘাত প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাহসিকতার সঙ্গে তার জবাব দেওয়ার প্রস্তুতি নিতে হবে।

সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় বক্তব্য দেন নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, এডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর