Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৬:৪৫

মরদেহ। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে লামিয়া (৬) নামে এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ জুন) সকালে শাহজাদপুরের রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামের রূপা খাতুনের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লামিয়া গার্মেন্টস শ্রমিক নাজিম উদ্দিন ও মিনা খাতুন দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির কাছে বসতবাড়ি করে সেখানেই বসবাস করে আসছিল। স্ত্রীকে নিয়ে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। দুই মেয়ে নানা আব্দুর রশিদের বাড়িতে থাকত। মঙ্গলবার (৩ জুন) বিকেলে লামিয়া নানার বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও নাতি লামিয়াকে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন নানা রশিদ।

বিজ্ঞাপন

আজ সকালে বিন্নাদাইর গ্রামের পলাতক আওয়ামী লীগ নেত্রী রূপার পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশু লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রূপা পালিয়ে যাওয়ায় বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ওই বাড়িটিতে নেশাখোর ও অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, নিহতের মুখ স্কচটেপ দিয়ে প্যাঁচানো ও হাত-পা বাঁধা ছিল। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এইচআই