Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ১৮:২৪

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুরে ডুবে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। ভাতিজাকে সাঁতার শেখাতে পুকুরে নেমে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত দুজন হলেন- নাছির উদ্দীন চৌধুরী (৫২) ও তার ভাতিজা আরিয়ান চৌধুরী (১৪)। তাদের বাড়ি বাথুয়া গ্রামে।

জানা গেছে, মৃত আরিয়ান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে নাছির উদ্দীনের ছোট ভাই আইয়াছ উদ্দীন বাহারের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চাকরি সূত্রে আইয়াজ উদ্দিন বাহার রাউজানে চুয়েটের পাশে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। ঈদুল আজহা উপলক্ষ্যে তারা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

বিজ্ঞাপন

বেলা সাড়ে ১২টার দিকে চাচা নাছির উদ্দীন ভাতিজা আরিয়ানকে নিয়ে গোসল করতে নিজেদের বাড়ির পুকুরে নামেন। দীর্ঘসময় ফিরে না আসায় তাদের খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে দুজনকে পুকুরে ভেসে উঠতে দেখা যায়। পরিবারের লোকজন তাদের দ্রুত পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুয়েল কান্তি দাশ সারাবাংলাকে বলেন, ‘দুজনকে যখন হাসপাতালে আনা হয়, তখনই তারা মৃত অবস্থায় ছিলেন। এরপরও ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। আমাদের ধারণা, স্পটেই তারা মারা গেছেন। হাসপাতালে যারা এনেছিলেন তারা জানিয়েছেন, উনারা সম্পর্কে চাচা-ভাতিজা। সাঁতার শেখাতে ভাতিজাকে নিয়ে পুকুরে নেমেছিলেন চাচা।’

সারাবাংলা/আরডি/এসআর