Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আ.লীগকে সমর্থন দেওয়া ব্যক্তি ও দলের বিচার করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ২২:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: বিগত সময়ে যারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সমর্থন, কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখা সকল ব্যক্তি এবং দলকে যেন সঠিকভাবে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয় সরকারের প্রতি সেই আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বুধবার (১১ জুন) বিকেলে রংপুরের পীরগাছায় এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান।

আওয়ামী লীগকে সমর্থন দেওয়া ব্যক্তি ও দলের বিচার করতে হবে উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘জাতীয় পার্টি বিগত সময়ে আওয়ামী লীগের দালাল হিসেবে ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তার প্রধানতম রাজনৈতিক সহযোগী ছিল জাতীয় পার্টি। বাংলাদেশে যে ভোট ডাকাতির নির্বাচনগুলো হয়েছে, একপাক্ষিক নির্বাচনগুলো হয়েছে তার প্রত্যেকটাকে বৈধতা দেওয়ার নাটক করেছিল জাতীয় পার্টি। জনগণের ভোটাধিকারের সঙ্গে যারা প্রতারণা করেছে, বাংলাদেশের মানুষের ওপর জুলুম নিপীড়নের রাস্তাকে যারা উন্মুক্ত করে রেখেছে, তাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা আর প্রাসঙ্গিক মনে করি না।’

বিজ্ঞাপন

একই সঙ্গে জনগণের সঙ্গে জাতীয় পার্টি যে প্রতারণা করেছে, সে জন্য দলটি এখনো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি তাই জাতির কাছে দ্রুতই ক্ষমা চাওয়া উচিৎ বলে মনে করেন এনসিপির সদস্য সচিব।

বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে কাজ করার আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের যত দোসর আছে তাদের সবার ব্যাপারে বাংলাদেশের মানুষ যেন সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন; যাতে বাংলাদেশে যেন আর কখনোই আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো স্বৈরাচারপন্থি কোনো দল যেন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায়।’

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো