ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
আকতার হোসেন জানান, রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৫৫ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৬০ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেফতার করেছে।
তিনি আরও জানান, অভিযানকালে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, চারটি ছুরি, একটি স্টিলের কাটার, ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।