চট্টগ্রাম: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আস্তানা ও সন্দেহভাজন স্থাপনায় অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। এ ছাড়া রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ও শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, দক্ষিণ রাঙ্গুনিয়ার মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকীয়া টিলা, মীরেরখীল ও ক্ষেত্রবাজারসহ বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন বসতবাড়ি, সন্দেহভাজন স্থাপনা এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য অবস্থানস্থলে তল্লাশি করা হয়।
অভিযানকালে ছয়জনকে আটক এবং চারটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানায়, পাহাড়ি ও দুর্গম এলাকাকে ব্যবহার করে কেউ যাতে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহারসহ অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।